
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভায় ডা. শফিকুর রহমান বলেন, “ওসমান হাদির ওপর হামলার ঘটনায় যেখানে সারা দেশের মানুষ সমব্যথী, সেখানে সিইসির বক্তব্যে আমরা ক্ষুব্ধ। তাকে নিজের অবস্থান ও বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে।”
তিনি আরও বলেন, “একজন বিপ্লবী আহত হওয়ার পর সরকার নড়েচড়ে বসবে—এমন সরকার আমরা চাই না।” হামলাকারীদের এখনো গ্রেপ্তার না করায় সরকারের ব্যর্থতা তুলে ধরে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “৫৪ বছর জাতির ভাগ্য চোরাবালিতে হারিয়ে গেছে। অভ্যুত্থানের ঐক্যকে আঁকড়ে ধরে সামনে এগোনোর সুযোগ এসেছে। জামায়াত ক্ষমতায় গেলে সব দলকে সরকারে নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করা হবে।”
এর আগে সকালে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে সিইসি বলেন, আইন-শৃঙ্খলার অবনতি হয়নি; হাদির ওপর হামলার ঘটনাকে তিনি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখেন এবং নির্বাচন সামনে এলে এ ধরনের ঘটনা ঘটেই থাকে বলে মন্তব্য করেন।